ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকারের বিমানবাহিনী। এতে বহু হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এসব তথ্য জানান।
আল-নুজাইলি বলেন, মোখা বন্দর ও শহরের জায়েদ আল-খারজ শপিং মলের কাছে চালানো হামলায় হুতিদের যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এ সময় তাদের অনেক সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, মোখায় পানি প্রকল্পের প্রশাসন কার্যালয়ের পাশেও কয়েকজন হুতি সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শহরটি থেকে ১১ কিলোমিটার দূরে মোখা-ধুবাব সড়কের একটি পশু কোয়ারেন্টাইন কেন্দ্রে যানবাহন ও হুতি যোদ্ধাদের জড়ো হওয়ার স্থানেও হামলা চালানো হয়।
আল-নুজাইলি আরও বলেন, মোখার উত্তর পাশের রিং রোডে এক সাবেক সামরিক নেতার কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি স্থানে সমবেত হুতি সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
২০১৪ সালে রাজধানী সানা ও দেশটির বড় একটি অংশ দখলে নেওয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল।
২০২৩ সালের শেষ দিক থেকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর হুতিরা আঞ্চলিক সংঘাতে ক্রমেই জড়িয়ে পড়ে। তারা ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাও চালিয়েছে। সাম্প্রতিক সময়ে আবারও লড়াই তীব্র হওয়ায় ইয়েমেনে পূর্ণমাত্রার সংঘাত ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
ডিআর




Comments