ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর চারঘাটে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
অভিযানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ কাজে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে হবে। নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এর কার্যক্রম ৩ মাসব্যাপী চলবে। এ সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হবে।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ




Comments