বাংলাদেশে শিক্ষা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুটি বেসরকারি সংস্থাকে (এনজিও) মোট ১৩.৮ মিলিয়ন টাকা (১ লাখ ১৫ হাজার ৭২৩ মার্কিন ডলার) অর্থ সহায়তা প্রদান করেছে জাপান সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) ঢাকাস্থ জাপান দূতাবাসে ‘গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ (GGHSP)-এর আওতায় এই অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (H.E. Mr. SAIDA Shinichi) জাপানি দূতাবাসের পক্ষে ‘এসকেএস ফাউন্ডেশন’ (SKS Foundation) এবং ‘একমাত্রা সোসাইটি’ (Ekmattra Society)-এর প্রতিনিধিদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেন।
গাইবান্ধা জেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধিতে ৫১ হাজার ৯৮১ মার্কিন ডলার অনুদান পেয়েছে এসকেএস ফাউন্ডেশন। এই অর্থ দিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুটি স্কুল বাস ক্রয় করা হবে। এর ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য নিরাপদ ও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত হবে এবং তাদের শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অবস্থিত ‘একমাত্রা চিলড্রেনস একাডেমি’র ভবন সম্প্রসারণের জন্য ৬৩ হাজার ৭৪২ মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বর্তমান একতলা প্রশাসনিক ভবনের ওপর নতুন তলা নির্মাণ করা হবে। এই সম্প্রসারণের ফলে প্রাক্তন পথশিশুদের জন্য আরও বেশি শ্রেণিকক্ষ এবং উন্নত মানের শিক্ষার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে জাপান সবসময় বাংলাদেশের পাশে রয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে জাপান সরকার ‘জিজিএইচএসপি’ প্রকল্পের আওতায় বাংলাদেশে ২২৩টি এনজিও প্রকল্পকে সহায়তা প্রদান করেছে। এ পর্যন্ত এই খাতের আওতায় জাপানের মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭.৭ মিলিয়ন মার্কিন ডলার।
মানবকণ্ঠ/ডিআর




Comments