Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী। তিনি জানান, আসন্ন নির্বাচনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ডিএমপি সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। ঝুঁকি ও ভোটারের সংখ্যা বিবেচনায় কেন্দ্রগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন করে এবং ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, অধিকাংশ গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে ৫১০টি মোবাইল টিম ও ১৮০টি স্ট্রাইকিং টিম। পাশাপাশি ঢাকা মহানগরীর আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও আর্মড পুলিশ মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান ও চেকপোস্ট পরিচালনার কথাও জানান তিনি।

সাজ্জাত আলী বলেন, নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, জাল ভোট প্রতিরোধ, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

কামরাঙ্গীরচর, বাড্ডার সাঁতারকুল ও বেরাইদ এলাকায় যাতায়াত জটিলতার কারণে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট হুমকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “না, কোনো হুমকি নেই। নির্বাচন সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে এসে নাগরিক অধিকার প্রয়োগ করুন। অতীতের সব বিতর্ক ও কালিমা কাটিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

মানবকণ্ঠ/আরআই