মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরা এই যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে থাকা বাংলাদেশি নাগরিক এবং দূতাবাসের কর্মীরাও রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। পরবর্তীতে বাংলাদেশ সরকার ও কাতার কর্তৃপক্ষের যৌথ সমন্বয়ে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে, গত ১১ মার্চ কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরা সহজ করতে কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। আগ্রহীদের তালিকা তৈরির জন্য দূতাবাসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ‘গুগল ফর্ম’-এর লিংকও প্রকাশ করা হয়েছিল।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই বিশেষ ব্যবস্থায় দেশে ফেরার ক্ষেত্রে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই ৪৩০ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।
মানবকণ্ঠ/আরআই




Comments