দেশব্যাপী কালবৈশাখী ঝড় ও প্রবল বজ্রপাতের আশঙ্কা দেখা দিয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১ মে) দুপুর ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজের এক ফেসবুক পোস্টে এই আবহাওয়া গবেষক বিভিন্ন বিভাগের পরিস্থিতি তুলে ধরেন:
রংপুর বিভাগ: রংপুর ও লালমনিরহাটের কিছু জায়গায় এরই মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে এই বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলায় হালকা বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগ: এই দুই বিভাগের সব জেলায় দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সিলেটে রাতের ভাগে পুনরায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণাংশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোতে দুপুর ১২টা থেকে ভোর ৫টার মধ্যে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টা থেকে মধ্যরাতের মধ্যে এই বিভাগের উত্তরাংশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগ: দেশের এই দুই বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম।
দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় সবাইকে নিরাপদ স্থানে ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments