প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ প্রদান কার্যক্রমও দ্রুত শুরু করবে সরকার।
শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মিলন বলেন, “আমরা লেখাপড়াকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তুলতে চাই। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন হচ্ছে তোমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলো। সেই লক্ষ্যেই আমরা সকল স্কুলে শিক্ষার্থীদের ড্রেস, মেয়েদের জন্য ফ্রক, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি সরকারি উদ্যোগে স্কুলগুলোতে ‘মিড ডে মিল্ক’ কর্মসূচি চালু করা হয়েছে।”
টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় কচুয়া উপজেলার বালিকা গ্রুপে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালক গ্রুপে রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments