পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর দিনেই প্রশাসনে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দিয়েছে সরকার। চারজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির–উদ–দৌলাকে সচিব পদমর্যাদায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াকে একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বর্তমান সচিব কাজী আনোয়ার হোসেনকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ঈদের ছুটির প্রথম দিনেই এমন গুরুত্বপূর্ণ পদোন্নতি ও রদবদল প্রশাসনিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments