Image description

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্লুইস গেট নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, সরকার নতুন নির্দেশনা জারি করেছে যার ফলে এখন থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না। এর পরিবর্তে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই দায়িত্ব পালন করবেন। এতে স্থানীয় প্রয়োজনে পানি নিষ্কাশন ও লবণাক্ত পানি রোধ করা সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “সরকার শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের পাশেও দাঁড়িয়েছে। যাদের কৃষি জমি বা বীজতলা নষ্ট হয়েছে, তাদের সার ও বীজসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের বিপদ-আপদে পাশে থাকা আমাদের অঙ্গীকার। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর দোয়া কামনা করে বলেন, সরকার জনবান্ধব নীতি অনুসরণ করছে যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না হয়।

দুই দিনের সফরের শেষ দিনে মন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে শুক্রবার তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছিলেন।

মানবকণ্ঠ/ডিআর