Image description

চট্টগ্রামের বাঁশখালী থেকে মিরসরাই পর্যন্ত উপকূলীয় অঞ্চলকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমুদ্র দেশের সম্পদ এবং এর মালিক জনগণ। শিল্পায়নের মাধ্যমে এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা হবে।

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

তারেক রহমান বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করে আমি খুশি হয়েছি। আমরা ১০০ জনকে ঘরের চাবি তুলে দিতে পেরেছি। ত্রাণ দিয়ে সহযোগিতা করেছি। এগুলো করার কারণ হচ্ছে—এই সরকারের কাজ তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি করা।’

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আগামী ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। বাঁশখালী উপজেলায় আগামী অর্থবছরে ১০ থেকে ১৫ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। একই সঙ্গে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

বাঁশখালীর সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকার সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্র দেশের সম্পদ। এই সমুদ্রের মালিক দেশের জনগণ। বাঁশখালী থেকে শুরু করে মিরসরাই পর্যন্ত কীভাবে কলকারখানা চালু করা যায়, কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়—সেই পরিকল্পনা করতে হবে।’

শিল্পায়নের পাশাপাশি অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি।

এসএস