Image description

বাংলাদেশ পুলিশের শীর্ষ ও মধ্যম পর্যায়ের ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে সাতজন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) সমমর্যাদার কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। যেসব কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ জন পুলিশ পরিদর্শক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি), রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ছিলেন।

অন্য একটি প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার (এএসপি) সমপর্যায়ের সাত কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—
১. র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।
২. ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন।
৩. খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী।
৪. পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান।
৫. র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া।
৬. ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
৭. সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের চেইন অব কমান্ড শক্তিশালী করা এবং জনস্বার্থ নিশ্চিত করতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ জারির পর সংশ্লিষ্ট কর্মকর্তারা আর স্বপদে বহাল থাকতে পারবেন না।

ডিআর