Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে প্রায় পাঁচ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বিগত জাতীয় সংসদে যে বাজেট পাস করা হয়েছে, সেখানে এই অর্থ বরাদ্দ রাখা আছে। বর্তমানে নির্বাচন কমিশন (ইসি) এসব নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি আরও বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার, অর্থ বিভাগ এবং নির্বাচন কমিশন যৌথ বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে। আমরা জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধাকে প্রাধান্য দিয়েই ধাপগুলো নির্ধারণ করব।”

দেশের বর্তমান লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের এখন সোলার প্যানেলের দিকে বেশি নজর দিতে হবে। প্রতিটি বাড়ি, স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমরা সোলার প্যানেল ব্যবহার শুরু করি, তবে বর্তমান বিদ্যুৎ সংকট অনেকটাই কেটে যাবে। সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক খরচ থাকলেও এক বছরের মধ্যে সেই অর্থ সাশ্রয় হয়ে উঠে আসে।”

শ্রীমঙ্গল সফরের শুরুতে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বিদ্যালয়ের খেলার মাঠ, স্থানীয় শিশু উদ্যান এবং শহরের ময়লা ফেলার নির্দিষ্ট স্থান (ভাগার) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিবেশ সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ডিআর