Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। ফলে গত পাঁচ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৯০২টি শিশু মারা গেল।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭০ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৮ জনে। এই সময়ের মধ্যে ৭০০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০ জন। এই দীর্ঘ সময়ে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

ডিআর