Image description

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ১৮ বাংলাদেশি জেলেসহ ২৪ জনকে ফেরত আনা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে টেকনাফের নাফ নদীর জলসীমার শূন্যরেখায় তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ২৪ জেলের মধ্যে ৬ জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাকি ১৮ জন বাংলাদেশের বিভিন্ন এলাকার জেলে বলে জানা গেছে।

পরে বিজিবির মাধ্যমে তাদের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয়। সেখানে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজিবির প্রচেষ্টা ও মানবিক তৎপরতার অংশ হিসেবে মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনা হয়েছে। ২০২৫ সাল থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটক জেলেদের ফেরত আনার বিষয়ে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ধাপে ধাপে অগ্রগতি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার নাফ নদীর শূন্যরেখায় বিজিবির প্রতিনিধি দল তাদের গ্রহণ করে দেশে ফিরিয়ে আনে।

ফেরত আসা সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের জেলে নুরুল আলম জানান, গত বছরের ২৩ ডিসেম্বর মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকা ঘিরে ফেলে। পরে তাদের আটক করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন বন্দি থাকার সময় তাদের অল্প পরিমাণ খাবার দেওয়া হতো এবং বিভিন্ন কাজ করানো হতো বলে জানান তিনি।

নুরুল আলম বলেন, বিজিবির প্রচেষ্টায় দেশে ফিরে পরিবারের কাছে যেতে পারায় তারা আনন্দিত। এ জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, এলাকার যেসব জেলে আরাকান আর্মির হাতে বন্দি ছিলেন, তারা সবাই বুধবার দেশে ফিরেছেন। তাদের পরিচয় ও ঠিকানা যাচাই করে বিজিবি ও প্রশাসনকে তথ্য দেওয়া হয়েছিল, যাতে দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

এসএস