প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তিনি ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে শপথবাক্য পাঠ করান।
এর আগে মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছিল। বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তবে এতদিন এই মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী ছিল না, এখন লিংকনের অন্তর্ভুক্তির মাধ্যমে মন্ত্রণালয়টিতে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া সদস্যদের এই শপথগ্রহণের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেল। এর ফলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজে আরও গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।
ডিআর




Comments