প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন নিয়োগ পাওয়া ৫ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (Rules of Business, 1996) এর Rule 3(iv) অনুযায়ী মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সাচিং প্রু’কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি মন্ত্রিসভায় পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা মিজ আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীদের মধ্যে নবনিযুক্ত হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরবর্তীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া ৫ জন এবং প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া একজনসহ মোট ৬ জনকে শপথ পাঠ করান।
ডিআর




Comments