Image description

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ শনিবার (২২ আগস্ট) দুপুরে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, নিহতদের শেষকৃত্য ও দাফন পৃথক ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে। সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছর বয়সী শিশু সন্তান স্বর্ণশীষ দত্তের সৎকার আজ রাত ৮টার দিকে কুষ্টিয়া মহাশ্মশানে করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে, দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ প্রথমে দেবাশীষের বাড়ির সামনে এবং পরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় আফসানার বাবার বাড়িতে নেওয়া হবে। সেখানে বাদ এশা কুষ্টিয়া পৌর কবরস্থানে মুসলিম রীতি অনুযায়ী তাদের দাফন করা হবে। তবে মরদেহ পৌঁছানোর সময়ের ওপর এই সূচি নির্ভর করছে বলে নিশ্চিত করেছেন দেবাশীষের বাবা দিলীপ দত্ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে ভিন্ন ধর্মে বিয়ে হলেও অত্যন্ত সুখী ছিলেন দেবাশীষ ও আফসানা দম্পতি। চিকিৎসার জন্য চলতি মাসের ৩ তারিখ তারা কলকাতায় গিয়েছিলেন। পরে তাদের সাথে যোগ দেন আফসানার বাবা আকরাম হোসেন। কিন্তু চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার বদলে এখন তারা কফিনবন্দি হয়ে ফিরছেন।

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, সন্তান স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম হোসেন এবং সাভারের আমিনবাজারের আহমেদ বাবুর মরদেহ দেশে প্রবেশ করবে। অন্যদিকে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে আনা হচ্ছে। নিহত সাত বাংলাদেশির মধ্যে অপরজন রেবতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় ভারতেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জানান, সরকারি খরচে মরদেহগুলো দেশে পাঠানোর সব আইনি প্রক্রিয়া শুক্রবার রাতেই সম্পন্ন হয়েছে। আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে মরদেহগুলো পেট্রাপোল সীমান্ত হয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহগুলো কলকাতার ‘পিস ওয়ার্ল্ড’ হিমাগার থেকে তিনটি অ্যাম্বুলেন্সে করে সীমান্তে আনা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এই বাংলাদেশিরা প্রাণ হারান। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ডিআর