নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষায়িত ‘পিংক বাস’ বা মহিলা বাস সার্ভিসে এবার ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে নারী যাত্রীরা বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনে ইস্যু করা ডিজিটাল টিকিট সংগ্রহ করতে পারবেন।
রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’ এই আধুনিক সেবার তথ্য নিশ্চিত করেছে।
নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় ঢাকা ও এর আশপাশ, চট্টগ্রাম এবং বগুড়ায় চলাচলকারী বিআরটিসির মোট ১৪টি পিংক বাসে ই-টিকিট দেওয়া হচ্ছে। এর ফলে প্রচলিত হাতে লেখা টিকিটের পরিবর্তে স্বচ্ছ ও আধুনিক পদ্ধতিতে ভাড়া আদায়ের তথ্য সংরক্ষিত হবে।
যেভাবে টিকিট পাবেন যাত্রীরা
ই-টিকিটিং চালু হলেও যাত্রীদের আগে থেকে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে টিকিট কিনে রাখার প্রয়োজন নেই। বাসে ওঠার পর দায়িত্বরত কন্ডাক্টর তার কাছে থাকা পিওএস মেশিন ব্যবহার করে যাত্রীর গন্তব্য অনুযায়ী তাৎক্ষণিক টিকিট ইস্যু করবেন। এতে করে ভাড়া আদায়ের প্রক্রিয়াটি সরাসরি পিওএস ব্যবস্থায় নথিভুক্ত হবে এবং যাত্রী তার নির্ধারিত গন্তব্যের ডিজিটাল টিকিট হাতে পাবেন।
যেসব রুটে মিলবে এই সেবা
বর্তমানে বিআরটিসির ১৪টি পিংক বাসের মধ্যে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করছে। চট্টগ্রাম ও বগুড়ায় রয়েছে দুটি করে বাস।
ঢাকা ও আশপাশের রুটগুলো হলো
নতুন বাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, নারায়ণগঞ্জ-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর।
চট্টগ্রামের রুট
কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে পিংক বাস সার্ভিস চালু রয়েছে। এই রুটে বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, টাইগারপাস, আগ্রাবাদ ও ফ্রি পোর্টসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বগুড়ার রুট
শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী হয়ে শহরের বিভিন্ন এলাকায় পিংক বাসের সেবা চালু রয়েছে।
বিআরটিসির এই উদ্যোগে নারী যাত্রীদের যাতায়াতে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে গণপরিবহন খাত আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডিআর




Comments