Image description

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৃণমূলের স্বাস্থ্যকাঠামো ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকালে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, নতুন এই ‘হেলথ হাবে’ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এখন থেকে এক ছাতার নিচে মিলবে। এই কেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসক পদায়ন করা হবে। শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। একইসঙ্গে স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজও তৃণমূল পর্যায়ে শুরু করা হবে।

স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে এবং সেখানে নতুন করে ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে নতুন ডায়ালাইসিস মেশিন বসানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

ডিআর