মহানবীর আদর্শ ধারণ করে সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে পারি: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ।
পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে (সূরা আল-আহযাব, আয়াত: ২১) প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। তিনি জাতি, বর্ণ, গোত্র ও সামাজিক বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছেন।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারেক রহমান বলেন, "আজকের বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, সংঘাত, হিংসা ও অসহিষ্ণুতা মানুষের শান্তিকে ব্যাহত করছে। এমন সময়ে মহানবীর (সা.) সহমর্মিতা ও ক্ষমার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ধারণ করে সামাজিক আচরণে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়বোধ শক্তিশালী করার মাধ্যমেই আমরা একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে পারি।"
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও উগ্রতার পথ থেকে দূরে রেখে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবীর জীবন হতে পারে শ্রেষ্ঠ প্রেরণা। এটি তাদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে।
পরিশেষে প্রধানমন্ত্রী প্রার্থনা করে বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবীর (সা.) সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক।’
ডিআর




Comments