১২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের পর এবার আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে এটি দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৯টা ২৩ মিনিটে গ্রহণ শুরু হবে। এ সময় চাঁদ পৃথিবীর বাইরের ছায়ায় প্রবেশ করবে। তবে তখন চাঁদের পরিবর্তন খুব একটা বোঝা যাবে না। রাত ১০টা ৩৩ মিনিটে চাঁদ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢুকলে আংশিক চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে শুরু হবে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রাতভর এই গ্রহণ চলবে। সর্বোচ্চ গ্রহণ হবে ২৮ আগস্ট রাত ১২টা ১৩ মিনিটে। তখন চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢাকা থাকবে। চাঁদের একটি সরু অংশ উজ্জ্বল দেখা যাবে। বাকি অংশ ম্লান কমলা বা লালচে রঙ ধারণ করতে পারে।
২৮ আগস্ট রাত ১২টা ১৯ মিনিটে আগস্টের পূর্ণিমা হবে। আগস্টের এই পূর্ণিমাকে ‘স্টার্জন মুন’ বলা হয়। বছরের এই সময়ে প্রচুর পাওয়া যেত এমন এক ধরনের মাছের নাম থেকেই এই নামটি এসেছে।
রাত ১টা ৫১ মিনিটে চাঁদ পৃথিবীর গাঢ় ছায়া থেকে বেরিয়ে আসবে। এরপর রাত ৩টার কিছু আগে চাঁদ পৃথিবীর বাইরের ছায়া থেকেও পুরোপুরি বেরিয়ে গেলে চন্দ্রগ্রহণ শেষ হবে।
সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ ধীরে ঘটে এবং এটি খালি চোখে দেখা নিরাপদ। তাই যেসব অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে, সেখানকার মানুষ কোনো বিশেষ যন্ত্র ছাড়াই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
সূত্র: অ্যাস্ট্রোনমি ডটকম
এসএস




Comments