Image description

গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বা শৃঙ্খলা বাহিনীর হাতে না রেখে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সুরক্ষা এবং গুম থেকে ফিরে আসাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

রোববার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকায় চেম্বার অব কমার্সের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ রাজশাহী জেলা ইউনিট এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রায়শই বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে ওঠে। ফলে অভিযোগের তদন্ত যদি শৃঙ্খলা বাহিনীর হাতেই থাকে, তবে তার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাবে। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ইতিহাস থাকায় গুমের মতো ঘটনার স্বাধীন তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া জরুরি।

‘অধিকার’-এর পক্ষ থেকে পাঠ করা বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় অভিযুক্ত বাহিনী তদন্ত করতে না পারলেও সরকার অন্য কোনো বাহিনীর হাতে তদন্তভার দেওয়ার সুযোগ রেখেছে, যা নিরপেক্ষতাকে বাধাগ্রস্ত করতে পারে। এছাড়া তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর সশ্রম কারাদণ্ডের বিধান ভুক্তভোগী পরিবারগুলোকে আইনি প্রতিকার চাওয়া থেকে নিরুৎসাহিত করতে পারে বলে তারা মনে করেন।

মানববন্ধন থেকে তিন দফা দাবি পেশ করা হয়:
১. গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা সরাসরি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করা এবং তা আইনে স্পষ্টভাবে উল্লেখ করা।
২. গুমের শিকার হয়ে নিখোঁজ থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব পরিচালনা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসনে তাদের পরিবারকে আইনি সুরক্ষা দেওয়া।
৩. গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে দেওয়া সাজা পুনর্বিবেচনা করা।

অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহ-সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং এম শামিম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আরইউজে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে গুম থেকে ফিরে আসা আল আমিন হোসেন অধিকার-এর কেন্দ্রীয় বিবৃতি পাঠ করেন।

ডিআর