Image description

পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাহআলম বালিয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহআলম হাওলাদার তার ৮৩ শতাংশ জমি বিক্রির বায়নাসূত্রে ক্রেতার কাছ থেকে প্রাপ্ত ৫ লাখ টাকা নিয়ে চৌরাস্তা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে রুমান, দীন ইসলাম ও তুহিন নামে তিন যুবক কাঠের লাঠি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার ডান হাত, ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

আহত শাহআলম হাওলাদারের অভিযোগ, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশনায় সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলি সাহা জানান, শাহআলমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বিশেষ করে তার পায়ের গোড়ালির আঘাত অত্যন্ত গুরুতর। তাই উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বরিশাল রেফার করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, "আমি ব্যক্তিগত কাজে কলাপাড়া সদরে ছিলাম। এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।"

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিআর