Image description

জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই দিনে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেওয়ানগঞ্জে ঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তাঁদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছেলেটির দাদি। অন্যদিকে মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের কাছে পুরোনো রেললাইন এলাকায় মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও তাঁর মা লাকী আক্তার (৪০)। এ ঘটনায় লাকী আক্তারের শাশুড়ি বুলি বেগম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে রাজু নিজেই সেটি মেরামতের চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা লাকী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে বুলি বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। আহত বুলি বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এদিকে, একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েদ হাসান। সে দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মিয়ার ছেলে।

এসএস