বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
পরে গত ১৮ আগস্ট অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর এবার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।
এসএস




Comments