হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি সুপারট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি বাহরির ‘বাহরি সিদর’ নামের সুপারট্যাংকারটি সৌদি ক্রুড অয়েল বহন করছিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় জাহাজটি ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে।
একই সময়ে সৌদি আরবের তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।
ঘটনার পর উত্তেজনা বন্ধ এবং আন্তর্জাতিক নৌনিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাহরি জানিয়েছে, আক্রান্ত জাহাজটির সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় বাহরির আরেকটি সুপারট্যাংকার ‘ওয়েদইয়ান’ হামলার শিকার হয়। এছাড়া সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্টে বাহরির ‘মাসা’ ও ‘আমজান’ নামের আরও দুটি জাহাজ লোহিত সাগরে হামলার মুখে পড়ে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
এসএস




Comments