Image description

রেলপথে কয়লা পরিবহনে সমস্যার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে ভারতের আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎকেন্দ্র।

বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার।

বিবৃতিতে বলা হয়, রেলপথে অতিরিক্ত চাপ ও বিভিন্ন পরিবহন বিধিনিষেধের কারণে গড্ডা কেন্দ্রে প্রয়োজনের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমিয়ে সরবরাহ সমন্বয় করতে হচ্ছে।

দিনের কম চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমানো হচ্ছে। তবে সন্ধ্যায় চাহিদা বাড়ার সময় পর্যাপ্ত বিদ্যুৎ দিতে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আদানি পাওয়ার জানিয়েছে, কয়লা পরিবহনের সমস্যা সমাধানে ভারতীয় রেলের সঙ্গে তারা কাজ করছে। কয়লা সরবরাহ স্বাভাবিক হলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহও আগের অবস্থায় ফিরবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, গড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। তবে বর্তমানে দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এদিকে অতিবৃষ্টির কারণে ভারতের বিভিন্ন এলাকার কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও কয়লার মজুত কমেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনেও। পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের একটি করে ইউনিট বন্ধ বা সীমিত সক্ষমতায় চলছে। এতে দেশে বিদ্যুৎ উৎপাদনে চাপ বেড়েছে।

আদানি পাওয়ার আশা করছে, ভারতে বৃষ্টিপাত কমলে কয়লা পরিবহনের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এরপর গড্ডা কেন্দ্রের উৎপাদন ও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

এসএস