Image description

ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। অন্যদিকে ঢাকা থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল ইমাম পরিবহনের একটি বাস। আলালপুর এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শ্যামলী বাংলা পরিবহনের যাত্রী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

নিহত অন্য দুজন হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস