নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জাহিন টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকেরা কাজ শেষে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তিন শ্রমিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন।
পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সঙ্গে শ্রমিকেরা ট্রাকটি আটক করেন।
নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে রাত ১০টার দিকে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে চিটাগাংরোড থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।
যানজটে আটকে পড়া ইয়াছিন আরাফাত নামে এক যুবক বলেন, চিটাগাংরোড থেকে মদনপুর ছাড়িয়ে যানজট চলে গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি অটোরিকশায় করে উল্টো পথে ফিরে আসেন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মদনপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার পর যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে যানজট কমানোর চেষ্টা করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনার কারণে যানজট হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বন্দর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএস




Comments