কারাবন্দিদের জন্য ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার বিশেষ সুবিধা চালু করছে সরকার। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এই সুবিধা সফলভাবে শুরু হয়েছে। শিগগিরই এই কার্যক্রম সারা দেশের কারাগারগুলোতে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল জানান, নির্দিষ্ট নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার ১০ মিনিটের জন্য ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন। এই প্রক্রিয়ায় পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হবে।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে মাদক প্রবেশ ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদক শনাক্তে কারা সদর দপ্তরে ড্রাগ পরীক্ষার আধুনিক মেশিন সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি কারাগারকে পরিবেশবান্ধব করতে ব্যাপক সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট-১, কিশোরগঞ্জ-১ ও খুলনা নতুন কারাগারে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে।
বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা ও মানসিক উন্নয়নের জন্য কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা হয়েছে। মাসুদ হাসান জুয়েল আরও জানান, বন্দিদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিভিন্ন উৎপাদনশীল কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সাবান উৎপাদন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আধুনিক রুটি মেকার মেশিনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বন্দিদের পোশাক, জুতা-স্যান্ডেল তৈরি ও বেকারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারা সদর দপ্তরে প্যাথলজি ল্যাব স্থাপন এবং ৫৫ জন নতুন ডিপ্লোমা নার্স পদায়নের প্রক্রিয়া চলছে। নিরাপদ পানি নিশ্চিত করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মিনারেল ড্রিংকিং ওয়াটার প্লান্ট স্থাপন করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, বন্দিদের খাবারের মানোন্নয়ন এবং দৈনন্দিন জীবনযাত্রা আধুনিক ও সুশৃঙ্খল করতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। বিশেষ দিবসগুলোতে উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি নিয়মিত বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই ব্যাপক সংস্কার কার্যক্রমের মাধ্যমে কারাগারকে প্রকৃত অর্থেই সংশোধনাগার হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।
ডিআর




Comments