Image description

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেই আলোচিত তিরস্কার—‘মাসুদ, তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—শুনে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পাওয়া বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো তিরস্কারের কারণে নয়, বরং বড় এক বদলির মাধ্যমে তিনি সংবাদের শিরোনাম হয়েছেন। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদ থেকে সরিয়ে তাঁকে ঢাকার গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থের কারণে মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে। দীর্ঘ সময় চট্টগ্রামের হাওয়া-বাতাসে দায়িত্ব পালনের পর এবার তিনি ফিরছেন রাজধানীর পিচঢালা রাজপথের তদারকিতে।

তবে এই রদবদলে শুধু মাসুদ আলমই নন, কর্মস্থল পরিবর্তন হয়েছে আরও একজন জ্যেষ্ঠ কর্মকর্তার। ঢাকা বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে থাকা শফিকুজ্জামান ভূঞাকে পাঠানো হয়েছে চট্টগ্রামে। অর্থাৎ, মাসুদ আলম যে চেয়ারটি ছেড়ে আসছেন, সেখানে স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান। এই দুই কর্মকর্তার পারস্পরিক বদলির বিষয়টি নিয়ে এখন বিআরটিএ-সহ সংশ্লিষ্ট মহলে বেশ চর্চা চলছে।

উল্লেখ্য, কয়েক বছর আগে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ-র কার্যালয় পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগে মাসুদ আলমকে জনসম্মুখে কঠোর ভাষায় ভর্ৎসনা করেছিলেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ‘মাসুদ’ নামটি মিম ও ট্রোলের মাধ্যমে নেটিজেনদের কাছে বিনোদনের খোরাকে পরিণত হয়। সেই পুরোনো বিতর্কের রেশ কাটিয়ে মাসুদ আলম এখন ঢাকার অলিগলিতে নিজের পারফরম্যান্সের মাধ্যমে কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

ডিআর