Image description

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন দেয়াল টপকে বিটিসিএল কার্যালয়ে ঢোকার পর তাদের ধাওয়া করা হয়। একজনকে আটক করে আনসার সদস্যদের কাছে দেওয়া হয়। পরে ওই যুবক অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে দুপুরের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি।

বিটিসিএল কর্মীদের অভিযোগ, আটক যুবককে আনসার ক্যাম্পে নিয়ে মারধর করা হয়। তবে আনসার বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ওই যুবক পুরোনো টিনের চাল ভেঙে পড়ে আহত হন এবং পরে তাকে বিটিসিএল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আনসার সদস্যরা তাকে নির্যাতন করেননি বলেও দাবি করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিচয় শনাক্তে আঙুলের ছাপের মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে।

এসএস