সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর
সাতক্ষীরা বিচার বিভাগের বিচারক, জনবল ও অবকাঠামোগত নানা সংকট দ্রুত সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাসের কথা জানান।
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। সীমান্তে মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিতের তাগিদ দিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) বিকল্প নেই। এছাড়া সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিদিনের কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগাতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি।
লিগ্যাল এইড কার্যক্রমকে আরও জনবান্ধব করা এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট কমানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আশ্বাস দেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাতক্ষীরায় নতুন সৃষ্ট ২৩টি আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।
পরে আইনমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে আয়োজিত অপর এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সুধী সমাজের প্রতিনিধিরা জেলার নানা সমস্যা তুলে ধরেন।
ডিআর




Comments