Image description

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় তাঁর স্ত্রী মোমেনা বেগম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে। সকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তিনি শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন। এ ছাড়া তিনি মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে আনোয়ার হোসেন আত্মগোপনে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে পিটিয়ে হত্যা করে। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মোমেনা বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ওসি সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ডিআর