বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক ও সহজীকরণের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পলাতক অন্যান্য আসামিদের হস্তান্তরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, "ভারতের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনাসহ পলাতক নেতাদের হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। ভারতের সাথে একটি কার্যকর ও টেকসই কাজের এনগেজমেন্ট (Working Engagement) বজায় রাখার স্বার্থেই ভারত সরকারের এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।"
তিনি আরও স্পষ্ট করেন যে, কেবল শেখ হাসিনাই নন, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্যান্য যেসব প্রভাবশালী নেতা বিভিন্ন দেশে আত্মগোপনে বা অবস্থান করছেন, তাঁদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অব্যাহত রাখবে সরকার। ভারতের সাথে সুসম্পর্ক সহজ ও সুদৃঢ় করার ক্ষেত্রে এটি অন্যতম প্রধান শর্ত।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, "শেখ হাসিনার বর্বরতা ও অগণতান্ত্রিক শাসন শুধু জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব কেন্দ্রিক ছিল না; বরং তা দীর্ঘ বহু বছর ধরে চলে এসেছে। ফলে এ শাসনকালের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকে যারা অপরাধ করেছেন এবং বর্তমানে বিদেশি মাটিতে আশ্রয় নিয়ে আছেন, তাঁদের প্রত্যার্পণ নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।"
বর্তমান সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, "আওয়ামী লীগের এই ‘মাফিয়া রেজিমের’ সবচেয়ে বড় ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ ও রাজপথের কর্মীরা। সেই জায়গা থেকেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।"
ডিআর




Comments