জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই দিন থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার যাত্রী পরিবহনের জন্য লঞ্চের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে এসব নতুন দাম কার্যকর হয়।
এর পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা দেন।
এসএস




Comments