সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় দোষীরা শাস্তি পাবে: রাশেদ খাঁন
নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের অভ্যন্তরে দুই পক্ষের জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি স্পষ্ট করেছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দখল-পাল্টা দখলের সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন জানান, নিউ গিনি প্রোপার্টিজের সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে, যার মধ্যে ৮ কাঠা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। সাবেক কর্মকর্তাদের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি বেআইনিভাবে দখল করেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী ঘনিষ্ঠ নাজিম উদ্দীন—যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাবাসও খেটেছেন।
অতিসম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে নিজের স্টুডিও স্থাপন করেন সালমান মুক্তাদির। তবে নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন সম্প্রতি এমনভাবে ৩টি নতুন গেট নির্মাণ করেন, যাতে অন্য জমির মালিকেরা ভেতরে প্রবেশ করতে না পারেন। জমি দখলের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি সাবেক সরকারি কর্মকর্তাদের।
তিনি আরও জানান, গেট নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক সরকারি কর্মকর্তারা লোক ভাড়া করে সেই গেট ভাঙতে যান। এ সময় নাজিম উদ্দীনের সম্পত্তি মনে করে ভুলবশত সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়। সাবেক সরকারি কর্মকর্তা হয়েও আইনের আশ্রয় না নিয়ে পেশিশক্তি দেখানো অনুচিত হয়েছে, যা পরোক্ষভাবে বিএনপির ওপর দায় চাপানোর সুযোগ তৈরি করে দিয়েছে।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সব ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, সালমান মুক্তাদিরের উচিত ছিল সব পক্ষের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জেনে মন্তব্য করা। তা না করে চাঁদা না দেওয়ায় বিএনপি হামলা চালিয়েছে বলে করা তাঁর বক্তব্যটি অসংগত। জুলাই যোদ্ধা সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আশ্বস্ত করেন যে, এ ঘটনায় জড়িত দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং সালমান ন্যায়বিচার পাবেন।
ডিআর




Comments