Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ পেয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়া ও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীরা।

আন্দোলনকারীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে তাঁদের নিয়োগপত্র ইস্যু করা হয়নি। এমনকি ঠিক কী কারণে বা কোন তথ্যের ভিত্তিতে তাঁদের বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার কথা রয়েছে। বঞ্চিত প্রার্থীদের দাবি—তদন্তের নামে এই অস্পষ্টতা দূর করে ১ অক্টোবরের মধ্যেই তাঁদেরও যেন শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করা হয়।

আন্দোলনস্থলে প্রার্থীরা জানান, দাবি আদায়ে ইতিমধ্যে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গেছে। প্রতিনিধি দলের ফিরতি খবরের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সুস্পষ্ট সমাধান ও নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে এই অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, মোট ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে অন্তত ২ হাজার প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগপত্র আটকে রাখা হয়েছে, যা প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলেছে।

ডিআর