আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার রোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকার কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভার্চুয়ালি ও সরাসরি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশ প্রদান করেন। সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির বলেন, "দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে হবে। প্রতিবার পূজাকে সামনে রেখে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালায়। এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই সাইবার স্পেস মনিটরিং জোরদারসহ অপপ্রচার রোধে পুলিশকে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা নিতে হবে।"
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান আরও বলেন, "অপরাধীর কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনার সুযোগ নেই; অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে।" একই সাথে কিশোর অপরাধ ও গ্যাং কালচার রোধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাংয়ের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করার তাগিদ দেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বাধ্যতামূলকভাবে বডি ওর্ন ক্যামেরা (Body-worn camera) ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।
সভায় সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন পুলিশি সেবা নিশ্চিতে জোর দেওয়া হয়। অনলাইন ও সরাসরি অনুষ্ঠিত এই পর্যালোচনায় অতিরিক্ত আইজিপিবৃন্দ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, সকল জেলার পুলিশ সুপার এবং হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে বিগত মাসের ডাকাতি, খুন, ধর্ষণ, অস্ত্র উদ্ধার, বিচারাধীন মামলার অগ্রগতি ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়।
ডিআর




Comments