Image description

বঙ্গোপসাগরের কুতুবদিয়াসংলগ্ন আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংঘর্ষে জড়িত জাহাজ দুটি হলো এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনি। এর মধ্যে এমভি এপিজে শিরিন কয়লা পরিবহন করছিল। সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পরপরই উভয় জাহাজের পক্ষ থেকে জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়। পরে জাহাজ দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরিবহন করা কয়লার কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি সাগরে দূষণ ছড়িয়ে পড়ারও খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে যাওয়ার সময় দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়। এতে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধিদেরও অবহিত করা হয়েছে।

এসএস