বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার ফকিরহাট উপজেলার উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় স্বামী জাহাঙ্গীর আলমের অটোভ্যানে করে ফকিরহাট সদর বাজারে যাচ্ছিলেন সালমা। পথে ব্র্যাকের মোড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তার গলার ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস




Comments