চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকে কথা-কাটাকাটির জেরে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে থানার প্রধান ফটকের ভেতরে গাড়ি পার্কিং নিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, থানার গেটে গাড়ি পার্কিং নিয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্য শফিকুল ইসলামের সঙ্গে যুবদল নেতা ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল ক্ষিপ্ত হয়ে শফিকুলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে শফিকুল আহত হন। আহত শফিকুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পরে অন্য পুলিশ সদস্যরা ইসমাইল হোসেনকে আটক করে থানার হাজতে নিয়ে যান।
এদিকে যুবদল নেতা আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ইসমাইলকে ছেড়ে দেওয়ার দাবি জানান।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর বলেন, গাড়ি পার্কিং নিয়ে পুলিশ সদস্যের সঙ্গে ইসমাইলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ সদস্যের আচরণে ক্ষুব্ধ হয়ে ইসমাইল এ ঘটনা ঘটান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কনস্টেবল শফিকুল ইসলামের সঙ্গে ইসমাইল হোসেনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শফিকুলকে মারধর করা হয়। এ ঘটনায় ইসমাইলকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এসএস




Comments