রাজবাড়ীতে এক দিনে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে প্রায় ২০০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুধু বৃহস্পতিবারই কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে অন্তত ২০০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকেই জলাতঙ্কের টিকা নিতে হাসপাতালে আসেন।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের রেশমা আক্তার বলেন, তার ছেলে বাড়িতে খেলছিল। এ সময় হঠাৎ একটি কুকুর এসে তাকে কামড়ে দেয়। পরে তিনি ছেলেকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে জলাতঙ্কের টিকা দেন।
একই গ্রামের লতিফ শেখ জানান, বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি কুকুর তাকে বুকে ও পায়ে কামড় দেয়। পরে তিনি জানতে পারেন, ওই কুকুরটি গ্রামের আরও কয়েকজনকে কামড়েছে। এরপর তিনি চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বেলায়েত হোসেন বলেন, হাসপাতালে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
এসএস




Comments