Image description

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার (০৫ অক্টোবর) সারারাত খোলা আকাশের নিচে অবস্থান করার পর মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। বৃষ্টিতে ভিজে পলিথিন ও ছাতা মাথায় দিয়ে আন্দোলনকারীরা সেখানে অবস্থান ধরে রেখেছেন। সরকারের উচ্চপর্যায় থেকে দাবির বিষয়ে সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অনড় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যসচিব আলিফ হুসাইন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা সারা রাত খোলা আকাশের নিচে কাটিয়েছি, অথচ সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। সকালে বৃষ্টির সময় মাত্র দুটি পলিথিনের নিচে মাথা গুঁজেছি, আন্দোলনের প্রায় সবাই ভিজে একাকার হয়ে গেছি। কিন্তু পেটে ক্ষুধা আর ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে আমরা ঘরে ফিরে যাব না; দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।"

উল্লেখ্য, এর আগে গত রোববার (০৪ অক্টোবর) একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। সেখান থেকে ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার বেলা ১১টার দিকে তারা মিছিল নিয়ে এসে আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেন।

ডিআর