Image description

মাগুরায় পুলিশি বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ এক নারীসহ সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মাগুরা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ৫০ মিনিট পর্যন্ত পৌর এলাকায় দীর্ঘ চার ঘণ্টার এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাগুরা সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে কথিত মাদক কারবারি মো. শাহীন আলমের (৪৬) বসতঘরের শয়নকক্ষ থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৪৬), তাঁর স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।

পুলিশ জানায়, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, পরিবহনে ব্যবহূত ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সুসংগঠিতভাবে এলাকায় গোপনে মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। আসামিদের মধ্যে শাহীন আলমের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি ও মাদকসহ ৬টি এবং তাঁর স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধমুক্ত জেলা গঠনে জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

ডিআর