Image description

বুয়েনস আইরেসে যখন আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে উৎসবের আমেজ, ঠিক তখনই নিজের পেশাদারিত্বে অটল থাকার বার্তা দিলেন বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু। সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবলের মহাতারকাকে শ্রদ্ধা জানাতে এলেও মাঠে তাকে কোনো সহজ বা উপহারের গোল ছাড়বেন না তিনি।

আগামী বুধবার (০৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় অধিনায়কের এই বিশেষ ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মেসি ও তাঁর সতীর্থরা।

মেসির মুখোমুখি হওয়ার রোমাঞ্চ নিয়ে স্প্যানিশ স্পোর্টস ডেইলি ‘মার্কা’-কে দেওয়া সাক্ষাৎকারে দানজিনু বলেন, "আমি দলের গোলরক্ষক এবং যেকোনো মূল্যে গোল আটকানোই আমার মূল দায়িত্ব। ম্যাচের একেবারে শেষ মুহূর্তেও যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় এবং মেসি শট নিতে আসেন, তবে আমি তা ঠেকানোর শতভাগ চেষ্টা করব।"

পেশাদার মনোভাবের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন, "বিষয়টি খুবই স্পষ্ট ও সহজ, এটি একটি ফুটবল ম্যাচ। আমরা এখানে লিওনেল মেসিকে সম্মান জানাতে এসেছি ঠিকই, তবে তাঁকে কোনো উপহারের গোল দিতে হবে—এমন কোনো শর্ত আমাদের দেওয়া হয়নি। আর মেসির মতো কিংবদন্তিকে কোনো কিছু উপহার দেওয়ার প্রয়োজনও পড়ে না। গোল পেতে হলে তাকে নিজের সেরাটা দিয়েই পোস্ট ভেদ করতে হবে।"

এই ঐতিহাসিক ম্যাচটিকে জীবনের অন্যতম বড় সুযোগ হিসেবে দেখছেন এই আফ্রিকান গোলরক্ষক। তিনি বলেন, "মেসির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় এটি আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে আমরা আর্জেন্টিনা বা মেসির আমন্ত্রণে বুয়েনস আইরেসে কেবল পর্যটক হয়ে ঘুরতে আসিনি; আমরা এসেছি নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে এবং মাঠে তীব্র লড়াই চালিয়ে যেতে।"

ডিআর