যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ক্রীড়া ভাতা কার্যক্রম চালু করছি। নিজের পরিবার ও দেশকে এগিয়ে নেওয়ার এ কার্যক্রম শুরু হয়েছে। ক্রীড়া কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব নাগরিক সেবা নিশ্চিত করতে চাই।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান অ্যান্ড টি রিসোর্টে মৌলভীবাজার সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছরে এক লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরীর অংশগ্রহণে নতুন কুঁড়ি কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম আসর শেষ হওয়ার পর বিভিন্ন ইভেন্ট থেকে ৩০৬ জনকে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিকেএসপিতে। প্রশিক্ষণ শেষে তাদেরকে বাছাই করে বিকেএসপিতে ভর্তি করা হবে। যারা ভর্তি হবে তাদের পড়ালেখা থেকে শুরু করে সব খরচ সরকার বহন করবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় খেলাধুলায় অংশ নিতে প্রায় ১৪ লাখ কিশোরী-কিশোরী নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নিতে আবেদন করেছে। তাদেরকে নিয়ে বছরে ৬-৭ মাস সারাদেশে প্রশিক্ষণ চলবে। আমরা নতুন কুঁড়ির মাধ্যমে আগামীর বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারব।’
মৌলভীবাজার জেলা স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে একটি স্টেডিয়াম ও ইউনিয়ন পর্যায়ে একটি মাঠের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতি জেলায় একটি স্পোর্টস ভিলেজ করা হবে। আগামী বছর থেকে এ কার্যক্রম শুরু হবে।
মাহবুব ইজদানি ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার জেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু প্রমুখ।
এনএ




Comments