Image description

নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার প্রচলন থাকলেও এবার তার আগেই বই বিতরণের পরিকল্পনা করেছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। 

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে নতুন বই দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের শেষ দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা মূল্যায়ন থাকলে শিক্ষকরা ব্যস্ত থাকবেন। তাই ২৪ ডিসেম্বর বই বিতরণের চিন্তাভাবনা করা হচ্ছে। এরপর শিক্ষার্থীরা বড়দিন ও নতুন বছরের ছুটিতে যাবে। ছুটি শেষে নতুন বই নিয়ে তারা ক্লাসে ফিরবে।

এদিকে দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও ২৪ ডিসেম্বর বই বিতরণের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক বিজ্ঞপ্তিতে জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং একই দিনে ২০২৭ সালের নতুন পাঠ্যবই বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষে ছাপা হবে ৩০ কোটির বেশি বই

আগামী শিক্ষাবর্ষের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানো হবে।

এর মধ্যে প্রাক-প্রাথমিকের জন্য ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি এবং প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৭ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ৭৫৮ কপি বই ছাপানো হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব ভাষায় ছাপা হবে ১ লাখ ৪২ হাজার ৩৩২ কপি বই।

এ ছাড়া ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপানো হবে ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই।

নিম্নমাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭৭ কপি, সপ্তম শ্রেণিতে ৪ কোটি ৯ লাখ ৬০ হাজার ৬০১ কপি এবং অষ্টম শ্রেণিতে ৩ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৫১৫ কপি বই ছাপানো হবে।

মাধ্যমিকের নবম শ্রেণির জন্য ছাপানো হবে সবচেয়ে বেশি—৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি পাঠ্যবই। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপা হবে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।

নতুন চার বিষয়

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’। এ দুটি বিষয়ের বই ছাপানো হবে ৬২ লাখ ৫৯ হাজার ২৮ কপি।

ষষ্ঠ শ্রেণিতে নতুন বিষয় হিসেবে থাকছে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’। এ দুটি বিষয়ের বই ছাপানো হবে ৭১ লাখ ৫৭ হাজার ৫৯০ কপি।