Image description

পাকিস্তানের করাচি বন্দর থেকে বন্ড সুবিধায় আমদানিকৃত ১০ কনটেইনারের বিশাল একটি চালানের ১৫০ টন কাঁচা তামাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তর। আমদানিকারক প্রতিষ্ঠান ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’-এর আনা এই তামাক দিয়ে প্রায় ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

কাস্টমস গোয়েন্দার তথ্য অনুযায়ী, আটককৃত ১৫০ টন কাঁচা তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব। যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

প্রাথমিক পর্যালোচনায় চালানটির ঘোষিত আমদানি মূল্যে ব্যাপক অসংগতি ধরা পড়েছে। একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার দরে শুল্কায়ন হওয়ার কথা থাকলেও, এই চালানে প্রতি কেজি কাঁচা তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। পূর্ববর্তী আমদানি মূল্যের সঙ্গে তুলনা করে সংস্থাটি জানিয়েছে, কেবল আমদানি পর্যায়েই এই চালানের সঙ্গে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব জড়িত রয়েছে।

কাস্টমস গোয়েন্দাদের আশঙ্কা, বন্ড সুবিধায় আমদানি করা এসব কাঁচা তামাকের প্রকৃত ব্যবহার এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ বা নিয়ন্ত্রণ করা না হলে আমদানি, উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি ধাপে বিশাল অংকের শুল্ক-কর ফাঁকি হওয়ার ঝুঁকি থাকে।

পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চালানটির বৈধতা, তামাকের প্রকৃত ব্যবহার এবং উৎপাদিত পণ্যের হিসাব সংক্রান্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ডিআর