Image description

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সব বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং সারা দেশে জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পাশাপাশি এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য মাত্র ১ থেকে ২ মাসের মধ্যে বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়ার যুগান্তকারী ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, চলতি বছর অত্যন্ত নির্মোহ ও নিরপেক্ষভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে, যা প্রকৃত মেধার সঠিক মূল্যায়ন। পরীক্ষার সাফল্য বা ব্যর্থতা কখনোই জীবনের চূড়ান্ত মানদণ্ড হতে পারে না—এটি শিক্ষার্থীদের মনে রাখতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘসূত্রিতায় না ফেলতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যেই এই পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, চলতি বছর সব শিক্ষাবোর্ডে একক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থীর জন্য উক্ত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, খাতা পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৫২.১২%। সাধারণ ৯টি বোর্ডে মোট পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলের চিত্র নিচে তুলে ধরা হলো

ঢাকা বোর্ড: পাসের হার ৬১.৮০%, জিপিএ-৫ পেয়েছে ১৬,৭১৪ জন।
মাদরাসা বোর্ড: পাসের হার ৬১.০৭%, জিপিএ-৫ পেয়েছে ৩,২৫০ জন।
চট্টগ্রাম বোর্ড: পাসের হার ৫২.০৭%, জিপিএ-৫ পেয়েছে ২,৯২৯ জন।
সিলেট বোর্ড: পাসের হার ৫০.৯০%, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন।
ময়মনসিংহ বোর্ড: পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছে ২,১৩৭ জন।
কারিগরি শিক্ষা বোর্ড: পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।
কুমিল্লা বোর্ড: পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন।
দিনাজপুর বোর্ড: পাসের হার ৪৫.৯৮%, জিপিএ-৫ পেয়েছে ২,৯৫৩ জন।
রাজশাহী বোর্ড: পাসের হার ৪৫.০৬%, জিপিএ-৫ পেয়েছে ৪,৫২০ জন।
যশোর বোর্ড: পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ পেয়েছে ৩,২২৮ জন।
বরিশাল বোর্ড: পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন।

ডিআর